চবিতে মেধাবী-অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:৪৯ এএম
চবিতে মেধাবী-অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও কলম বক্স বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এক টাকায় শিক্ষা’র সভাপতি সানু আক্তার নদী, সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা, ক্লাসরুম ইনচার্জ মোহাম্মদ রুম্মান আলম খান, অফিস সম্পাদক আলহাজ্ব রানা, সহকারী ইভেন্ট সম্পাদক আলিম বিন মুসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সংগঠনের সভাপতি সানু আক্তার নদী বলেন, ‘Give 1 taka daily, Bangladesh change gradually’ স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় স্কুল ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। আজ ২৫ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও কলম বক্স তুলে দেওয়া হয়েছে।


চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘এক টাকায় শিক্ষা’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও কলম বক্স বিতরণ করা হয়েছে। সংগঠনটির এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সবাইকে এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাই। এতে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে।