ভাঙ্গায় বাসচাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী ছিলেন ইমাম ও শিক্ষক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ভাঙ্গায় বাসচাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী ছিলেন ইমাম ও শিক্ষক

সূত্রঃ ফাইল ছবি

মো. জুয়েল কাজী, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদরাসার শিক্ষক ছিলেন। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলা এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি দ্রুতগতির বাসের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে।


এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।


স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমান একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। আর সালাউদ্দিন একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।


এমকে/বিএম২৪