কীর্তিনাশা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা;শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে বাল্কহেড থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু মাহাবুব সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঠোটকাটা ব্রিজসংলগ্ন কীর্তিনাশা নদীর পানিতে স্থানীয়রা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মাহাবুব সরদার জাজিরা উপজেলার রুহুল আমিন সরদারের ছেলে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জব্বার আলী আকন কান্দি ব্রিজসংলগ্ন কীর্তিনাশা নদীতে গোসল করতে যায় মাহাবুব। একপর্যায়ে নদীতে থাকা একটি বাল্কহেড থেকে লাফ দিলে পানিতে তলিয়ে যায় সে।
ঘটনার পর স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও সোমবার শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাতে থাকে। প্রায় ২৪ ঘণ্টা পর ঠোটকাটা ব্রিজসংলগ্ন এলাকায় স্থানীয়রা পানিতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মাহাবুবের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমকে/বিএম২৪









