গাজীপুরে ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু, একদিনে ভর্তি ৪১

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
গাজীপুরে ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু, একদিনে ভর্তি ৪১

সূত্রঃ ফাইল ছবি

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মারা যান। তিনি গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের বাঙ্গালগাছ এলাকার আনজত আলীর ছেলে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছিল।


এদিকে গত ২৪ ঘণ্টায় গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪১ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। উন্নত চিকিৎসার জন্য আরও দুজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮২ জন। তাদের মধ্যে ১ হাজার ৩৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১৩৭ জনকে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪ হাজার ৯৮৮ জন। তাদের মধ্যে ৪ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান এবং ৫১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। ওই বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল।


সেপ্টেম্বরের শুরুতেই জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এসব স্থান দ্রুত পরিষ্কার করার পাশাপাশি মশার প্রজনন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু রোগীদের চিকিৎসা দিলেই হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।


এমকে/বিএম২৪