জামালপুর সীমান্তে মদ-কসমেটিকসসহ চোরাচালান পণ্য জব্দ
সূত্রঃ সংগৃহীত
রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে ৩৫ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, বকশীগঞ্জ সীমান্তের সাতানীপাড়া বিওপির সদস্যরা ১০৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা কলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এ ছাড়া খেওয়ারচর বিওপির সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন।
জব্দ করা মদ ও কসমেটিকস পণ্যের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া পণ্যের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









