বাঁধনকে হেনস্তায় ক্ষুব্ধ পরীমনি, ‘বাচ্চার কান্নাও কিছু না’

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
বাঁধনকে হেনস্তায় ক্ষুব্ধ পরীমনি, ‘বাচ্চার কান্নাও কিছু না’

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক


ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। বাঁধনকে হেনস্তার সময় তার সঙ্গে থাকা ছোট শিশুর কান্নার শব্দও শোনা যায়—এ বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান পরীমনি।


ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’


সম্প্রতি ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হেনস্তার শিকার হন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিতে দেখা যায়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে।


ভিডিওতে বাঁধনের সঙ্গে থাকা শিশুটির কান্নার শব্দও শোনা যায়। এ বিষয়টিই পরীমনির ক্ষোভের অন্যতম কারণ বলে তার পোস্ট থেকে বোঝা যায়।


ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। একপর্যায়ে তার গায়ে হাত তোলা এবং মোবাইল ফোন ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া কানের কাছে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।


বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তার সমর্থনের কারণে কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। হেনস্তাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন এবং পুরো ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলেও অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ করেছেন বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সাধারণ নেটিজেনদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।