বাকৃবিতে শীতকালীন সবজি চাষ কর্মসূচির উদ্বোধন, ৭২ কৃষককে বীজ ও চারা বিতরণ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
বাকৃবিতে শীতকালীন সবজি চাষ কর্মসূচির উদ্বোধন, ৭২ কৃষককে বীজ ও চারা বিতরণ

সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি


দেশের কৃষি খাতের উন্নয়ন ও শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘শীতকালীন সবজি চাষ কর্মসূচি-২০২৬-২৭’-এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির ৭২ জন কৃষক-কৃষাণীর মধ্যে বিভিন্ন সবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বাউএক চাষি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী দুই পর্বের এ কর্মসূচিতে বাউএকভুক্ত বিভিন্ন সমিতির মোট ৭২ জন কৃষক-কৃষাণী অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে ব্রকলি, বীজবিহীন লেবুর চারা, বিনা-১১ টমেটোর চারা ও গাজরের বীজ বিতরণ করা হয়।


বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. ইফ্ফাত তারা মাহ্জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউএক-এর সাবেক পরিচালক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাউএক-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম এবং বাউএকভুক্ত বিভিন্ন সমিতির কৃষক-কৃষাণীরা।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কার্যক্রম হলো শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ। এর মধ্যে সম্প্রসারণ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ কর্মসূচির মাধ্যমে শুধু অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরাই উপকৃত হবেন না, তাঁদের দেখে আশপাশের অন্যান্য কৃষকরাও উপকৃত হবেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের পেছনে কৃষক-কৃষাণীদের অবদান অপরিসীম। কৃষির উন্নয়নে দেশের কৃষি গবেষকেরা প্রাথমিক কাজগুলো এগিয়ে নিলেও মূল কাজটি মাঠপর্যায়ের প্রান্তিক কৃষকেরাই করে থাকেন।


তিনি আরও বলেন, শীতকালীন সবজি চাষে আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। দেশের কৃষি খাতের উন্নয়ন তথা সামগ্রিক অগ্রগতির জন্য সমাজের প্রত্যেকেরই কিছু না কিছু দায়বদ্ধতা রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এমকে/বিএম২৪