হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। এ ঘটনার পেছনে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন তিনি। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


নুসরাত তাবাসসুম বলেন, হামলার ধরন দেখে ঘটনাটি পেট্রলবোমা হামলা বলে মনে হচ্ছে। বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


তিনি জানান, গত ২৮ অক্টোবর একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে-পরে আরও কয়েকটি হুমকির কল পান তিনি। গত মঙ্গলবার এসব বিষয়ে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে।


সংসদ সদস্য আরও বলেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, হুমকি উপেক্ষা করেই তাঁরা রাজনৈতিক ও দাবি-দাওয়ার আন্দোলনে সক্রিয় রয়েছেন।


নিজের বাড়ির ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে নুসরাত বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। তারা বাড়িটি দেখাশোনা করতেন এবং পরিবারের অংশ হয়ে উঠেছিলেন। এ ঘটনায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা গবাদিপশু ও হাঁস-মুরগিরও ক্ষতি হয়েছে।


তিনি বলেন, এই বাড়িতেই তাঁর বেড়ে ওঠা। তাঁর বাবা-মা সংসার করেছেন এবং ছোট ভাই বড় হয়েছে। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি। সেখানে গবাদিপশুর খামারও ছিল। আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গেছে।


পুলিশ ও ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে, দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। এতে বাড়ির অধিকাংশ সম্পদ পুড়ে যায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে নুসরাত বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় তাঁর হাতে বেশ কিছু প্রমাণ ও আলামত রয়েছে বলেও দাবি করেন তিনি।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের মতো জনপ্রতিনিধিদের জীবনও নিরাপদ নয়। দায়িত্বশীলদের শুধু বক্তব্য না দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আওয়ামী লীগের সঙ্গে হামলার সম্পৃক্ততা এবং ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিয়ে উল্লাস প্রকাশের ঘটনাও তিনি দেখেছেন। তবে এসব বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।


স্থানীয় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নে নুসরাত বলেন, তিনি তাঁর এলাকার মানুষকে সন্দেহ করছেন না। পুলিশ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিকট শব্দ শোনা যায়। পরে গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান তাঁরা।


খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশু অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে।


এমকে/বিএম২৪