সরকার কি নিরাপত্তা দিতে পারবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্টভাবে জানিয়ে দিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ তুলে ধরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
তিনি বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব প্রত্যাশা করেন তিনি।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন। তবে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। এ অবস্থায় ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সারা দেশে নৈরাজ্য ও নাশকতার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া সারা দেশে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও তুলে ধরেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা না যায়, তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি একই কথা বলা হবে?
এমকে/বিএম২৪








