তরুণদের ভোটকে ভয় পায় বলেই ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না সরকার: এস এম ফরহাদ
সংগৃহীত
মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি
সরকার গণতন্ত্রের কথা বললেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় অনীহা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। তাঁর অভিযোগ, তরুণদের ভোটকে ভয় পায় বলেই সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে চায় না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা একাডেমির বনমালী মিলনায়তনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, “সরকার গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাস ডেমোক্রেসিকে ভয় পায়। জাকসু বন্ধ করেছে, চাকসু বন্ধ করেছে, জকসু বন্ধ করেছে। পাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়নি। বারবার তফসিল দেওয়ার কথা বলা হলেও তফসিল দেওয়া হয় না। কারণ, তারা তরুণদের ভোটকে ভয় পায়।”
তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা কিংবা কারচুপির সুযোগ তুলনামূলকভাবে সীমিত থাকে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চান। এ কারণে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনীহা রয়েছে বলে তিনি মনে করেন।
দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এস এম ফরহাদ বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতার পরিবর্তন ঘটলেও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে ১৯৯০ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পরবর্তী পাঁচ বছরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসা যায়নি।
ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের দলীয় সম্পত্তি নয়। ছাত্রশিবির হোক কিংবা অন্য কোনো সংগঠন, কাউকেই ক্যাম্পাস দখল করতে দেওয়া উচিত নয়। একইভাবে নিজেদেরও ক্যাম্পাস দখল করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও পরিবেশ নির্ধারণে শিক্ষার্থীদের মতামত ও অধিকারকে প্রাধান্য দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া অঙ্গীকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্যাম্পাস কাউকে দখল করতে দেবেন না এবং নিজেরাও দখল করবেন না। শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার ভিত্তিতেই ক্যাম্পাস পরিচালিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হওয়ার বিষয়টিও তিনি এ প্রসঙ্গে তুলে ধরেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে এস এম ফরহাদ বলেন, এখানে ছাত্রশিবিরের জয়ী হওয়া জরুরি নয়; বরং শিক্ষার্থীরা যাকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন। ছাত্র সংসদ নির্বাচনের মূল উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সংগঠনের বিজয় নিশ্চিত করা নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ে শিক্ষার্থীদেরই সোচ্চার হতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলতে হবে এবং শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা ও বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামি।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির প্রভাষক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান, নায়েবে আমির মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন, পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস ও সেক্রেটারি শামীম ওসমানসহ সংগঠনটির সাবেক বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, বই পড়া ও রাজনৈতিক সচেতনতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এমকে/বিএম২৪









