জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে ককাসের সদস্য, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।


সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।


স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের মুখে স্বৈরশাসনের অবসান ঘটে। সাধারণ মানুষের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।


অতীতের নির্বাচনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটগ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।


নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


স্পিকার আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের তুলনায় তাঁরা অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।


তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন। আর প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।


এমকে/বিএম২৪