আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ক্রমবর্ধমান আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নগুলো। দেশটির মোট শ্রমশক্তির প্রায় এক-পঞ্চমাংশ এ ধর্মঘটে অংশ নেয়।
এর আগে ২০১২ সালে ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় সরকারের কঠোর ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট হয়েছিল।
এবারের ধর্মঘটের ডাক দেয় দেশটির বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও)। সংগঠন দুটির পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়াদের বিভিন্ন সংগঠনও কর্মসূচিতে সমর্থন জানায়।
শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, কর্মসূচি বেশির ভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার দিকে রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
বার্সেলোনায় মূল মিছিল শেষ হওয়ার পর কয়েকটি স্থানে আসবাবপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, মাদ্রিদের প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে রয়টার্স।
পুলিশের তথ্য অনুযায়ী, সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে বিভিন্ন অফিস ও শিল্প এলাকায় অবরোধ এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়ার ঘটনা রয়েছে। এ ঘটনায় অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মঘটকে সফল দাবি করেছে শ্রমিক ইউনিয়নগুলো। তবে স্পেনের বিভিন্ন অঞ্চলে কর্মসূচিতে অংশগ্রহণের হার ছিল ভিন্ন। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে কর্মসূচির প্রতি সমর্থন ছিল বেশি। এসব এলাকায় আবাসন সংকটও তীব্র।
ধর্মঘটের প্রভাব পড়ে দেশটির ব্যবসা-বাণিজ্যেও। মাদ্রিদের বিখ্যাত গ্রান ভিয়া সড়কে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তার কারণে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুল অ্যান্ড বিয়ারের মতো ব্র্যান্ডের দোকান বন্ধ রাখা হয়। বার্সেলোনার অনেক দোকানপাটও বন্ধ ছিল।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এ ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
বাড়ি কেনার সামর্থ্য না থাকায় দেশটিতে ভাড়াবাসার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বাড়িভাড়ার বাজারে তৈরি হয়েছে বাড়তি চাপ। স্পেনের ইউথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা। এই ভাড়া একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।
মাদ্রিদের বাসিন্দা ও একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মী জেসাস গঞ্জালেস রয়টার্সকে বলেন, তাঁর বয়স ৩৬ বছর হলেও এখনো আলাদা বাসা নিয়ে বসবাস করতে পারছেন না। বাড়িভাড়া ও বাড়ির দাম ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।
অন্যদিকে, স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল ধর্মঘটের বিরোধিতা করেছেন। তাঁর মতে, এ ধরনের কর্মসূচি উল্টো ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মী নিয়োগ আরও কঠিন করে তুলবে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে তিনি বলেন, আবাসন সংকট সমাধানে আরও বেশি বাড়ি নির্মাণ এবং নির্মাণকাজ ও বাড়ি কেনার প্রক্রিয়ায় কর কমানো প্রয়োজন।
এদিকে চার্লস ও ব্রুনা নামে দুটি শক্তিশালী ঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে কয়েকটি প্রতিবাদ মিছিল স্থগিত করতে বাধ্য হয় শ্রমিক ইউনিয়নগুলো। এর মধ্যে বন্দরনগরী ক্যাডিজও রয়েছে।
ধর্মঘট চলাকালে পুলিশের অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে শ্রমিক ইউনিয়নগুলো। তাদের দাবি, টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









