এইচএসসির পুনঃপরীক্ষার কারণে পিছিয়ে যেতে পারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
এইচএসসির পুনঃপরীক্ষার কারণে পিছিয়ে যেতে পারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি


এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী রবিবার (১৫ নভেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার অংশ নেবেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ। সভার পর ভর্তি পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।


২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২ জানুয়ারি। এবারের ভর্তি পরীক্ষার আয়োজন ও সমন্বয়ের সার্বিক দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তবে তখনই জানানো হয়েছিল, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত নয়; পরবর্তী আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।


এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩১ অক্টোবর। এতে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। ফল প্রকাশের দিনই শিক্ষামন্ত্রী জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরবর্তী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবার এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। এতে নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থী অংশ নিতে পারবেন।


বাকৃবিতে ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্টদের মতে, পুনঃপরীক্ষায় উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা এখন বড় বিবেচ্য বিষয়। জানুয়ারির শুরুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে পুনঃপরীক্ষার ফল প্রকাশ ও আবেদনের সময়সূচি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। এ কারণে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।


এ বিষয়ে বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ বলেন, আগামী রবিবার (১৫ নভেম্বর) কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ পাওয়া যাবে। তিনি বলেন, “আমরা চেষ্টা করব ঈদের পরেই পরীক্ষা নিতে, যাতে একটি সুষ্ঠু আয়োজনের মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ করতে পারি। আমাদের জুলাই মাসের দিকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করার চিন্তা আছে।”


জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ শিক্ষাবর্ষে এ গুচ্ছে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।


বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


এমকে/বিএম২৪