নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদ সদস্যের বাড়িতে আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাড়ির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি।


এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি সংসদে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।


পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য দেন। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে।


বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার আঘাতের কোনো চিহ্নও পাওয়া যায়নি। এ ছাড়া কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও পেট্রলবোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, ছবি, অডিও, ভিডিওসহ বিভিন্ন আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক সংযোগে দুর্বলতা ছিল। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানানো যাবে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর মা-বাবা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন।


তিনি বলেন, অগ্নিকাণ্ডের শিকার বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ ছাড়া সকালে তিনি নিজেও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সালাহউদ্দিন আহমদ আরও জানান, ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।


এমকে/বিএম২৪