বাংলা কিউআরে ৪০ দিনে ১৫০০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
বাংলা কিউআরে ৪০ দিনে ১৫০০ কোটি টাকার লেনদেন

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকে পড়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত ১ জুলাই থেকে সর্বজনীন ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) ব্যবস্থা বাধ্যতামূলক করার পর মাত্র ৪০ দিনে দেশে প্রায় ৫৬ লাখ লেনদেন সম্পন্ন হয়েছে, যার আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা।


বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, কেবল গত ২ থেকে ৮ আগস্ট পর্যন্ত এক সপ্তাহেই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ১৭ লাখ, যার পরিমাণ প্রায় ৪৮৭ কোটি টাকা। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৪০ হাজারটি লেনদেন হয়েছে এবং প্রতিটি লেনদেনের গড় মূল্য ছিল ২ হাজার ৮৬৫ টাকা।


বাংলা কিউআর হলো একটি একক ও সর্বজনীন কিউআর কোড ব্যবস্থা, যা ব্যবহার করে যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যায়। এর ফলে বিক্রেতা ও গ্রাহক উভয়ের জন্যই ডিজিটাল পেমেন্ট অত্যন্ত সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে, কারণ দোকানগুলোতে আর আলাদা আলাদা পেমেন্ট সেবাদাতার কিউআর কোড রাখার প্রয়োজন পড়ছে না।


সম্প্রতি চট্টগ্রাম সফরে গিয়ে বাংলা কিউআর প্রচারাভিযানে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, নিরাপদ, কম খরচের এবং সহজ ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআরের গুরুত্ব অপরিসীম। ডিজিটাল পেমেন্ট বাড়লে চাঁদাবাজি ও জাল টাকার ঝুঁকি হ্রাস পাওয়ার পাশাপাশি সরকারের নোট মুদ্রণ ও নগদ টাকা ব্যবস্থাপনার বিপুল ব্যয় অনেকাংশে কমে আসবে।


রাজধানীর মতিঝিল ও ফেনীর বিভিন্ন দোকানদার ও সাধারণ গ্রাহকরা জানান, কিউআর পেমেন্টের ফলে সময় বাঁচছে এবং নগদ টাকা গোনা বা খুচরা ফেরত দেওয়ার ঝামেলা কমেছে। যেকোনো ব্যাংকিং বা এমএফএস অ্যাপ দিয়ে কয়েক সেকেন্ডেই মূল্য পরিশোধ করা যাচ্ছে। তবে ছোট ব্যবসায়ীদের জন্য লেনদেনের ওপর আরোপিত চার্জ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা এখনও কিছু চ্যালেঞ্জ তৈরি করছে।


বাংলাদেশ ব্যাংক সর্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করায় ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে, যা দেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নিচ্ছে।




এমকে/বিএম২৪