ফল বিক্রেতার মোবাইল নেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ ওঠার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে দোকানি রাজিব মিয়াকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানার পাশে রাজিব মিয়ার ফলের দোকানে ঘটনাটি ঘটে। ফল কিনতে গিয়ে এসআই রাসেলের বিরুদ্ধে দোকানের টেবিলে রাখা একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, এসআই রাসেল দোকানে গিয়ে ফল কেনেন এবং দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করেন। এরপর নিজের মোবাইল ফোনটি বাম হাতে নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখেন। পরে তিনি দোকান থেকে বেরিয়ে যান।
সিসিটিভি ফুটেজটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বাজারে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।
ওসি আকবর হোসেন বলেন, তিনি ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
তিনি জানান, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় এসআই রাসেল মিয়া দোকানিকে ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন। ঘটনাটি পুলিশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ না থাকায় এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এমকে/বিএম২৪









