বাঘারপাড়ায় জমজ দুই বোনের জিপিএ-৫
সূত্রঃ সংগৃহীত
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
জন্ম একই দিনে, বেড়ে ওঠাও একসঙ্গে। একই বিদ্যালয়ে পড়াশোনা, পাশাপাশি এসএসসি পরীক্ষার প্রস্তুতি—শেষ পর্যন্ত সাফল্যও এলো একই সঙ্গে। এবারের এসএসসি পরীক্ষায় জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস দুজনেই জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।
যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা অঙ্কিতা ও অনুসূয়া বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঘারপাড়ার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দুজনেরই জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের সৃষ্টি হয়।
অঙ্কিতা ও অনুসূয়ার বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস এবং মা অঞ্জলী রাণী। ছোটবেলা থেকেই দুই বোন পাশাপাশি পড়াশোনা করে আসছে। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজনও উৎসাহ পেত। এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় তারা একে অপরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে তাদের জিপিএ-৫ অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়েরই প্রতিফলন বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
দুই মেয়ের এমন সাফল্যে আনন্দিত বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘দুই মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
অঙ্কিতা ও অনুসূয়ার সাফল্যে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়েও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুই বোন নিয়মিত পড়াশোনা করত এবং পরীক্ষার প্রস্তুতির সময়ও তারা যথেষ্ট মনোযোগী ছিল।
জমজ দুই বোনের একই সঙ্গে জিপিএ-৫ অর্জনের ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও প্রশংসা দেখা দিয়েছে।
এমকে/বিএম২৪









