মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৬
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানাধীন পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়াপাড়াগামী রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানের (৩৪) নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিছিল বের করার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। সংবাদ পেয়ে ডবলমুরিং থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মূল নেতৃত্বদানকারী আসাদ রায়হানসহ ছয়জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন—সদরঘাট থানা বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের, সদস্য মো. জুয়েল, সদস্য মোহাম্মদ তুষার এবং সদস্য মোহাম্মদ কায়সার আহমেদ।
ঘটনার পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় ডবলমুরিং মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর: ০৮) রুজু করা হয়। মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪








