বুধবার বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
বুধবার বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আখেরি চাহার সোম্বা সরকারি সাধারণ ছুটির আওতাভুক্ত নয়; এটি ঐচ্ছিক ছুটি হিসেবে পালন করা হয়।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, বুধবার সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ও এর অধিভুক্ত কলেজগুলো বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবারের ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি ভাষার সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।


দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।




এমকে/বিএম২৪