‘র’ প্রধানের সফর, যা বলল সরকার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সরকার। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতকে সম্মান দেখাতে হবে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ এবং পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়েও সরকারের অবস্থানের আভাস পাওয়া যায়।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তথ্যবিষয়ক উপদেষ্টা ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে।
সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত বা পালিয়ে থাকা কেউ দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাকিব আল হাসান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে মন্তব্য করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।
এ ছাড়া জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে চলমান নেতিবাচক প্রচারণার বিষয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান জানান, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে না। এ খাত বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার জন্য বর্তমানে নীতিমালা তৈরির কাজ চলছে।
এমকে/বিএম২৪








