গ্রেপ্তার হলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম
গ্রেপ্তার হলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত ছবি ফাঁসের মারাত্মক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালস ও অভ্যন্তরীণ ক্রিকেটে বেঙ্গলের হয়ে খেলা এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলা পুলিশ।


মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হুগলি (গ্রামীণ) জেলার পুলিশ সুপার কুনার ভূষণ সিং। তিনি জানান, আদালতের নির্দেশে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাঁকে চিনসুরাহ আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।


অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১ ও ৩১৮ ধারা এবং তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের ৬৬ ও ৭২ ধারাসহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।


মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ জুন কর্ণাটকের এক চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগকারী নারীর দাবি, দীর্ঘ তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা একসঙ্গে বিদেশেও ভ্রমণ করেছেন। তবে প্রায় দেড় বছর আগে থেকে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক তৈরি করার পর অভিষেক তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন, ব্যক্তিগত ছবি প্রকাশের ভয় দেখান এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান।


অভিযোগ দায়েরের পর হুগলি (গ্রামীণ) জেলার পুলিশ সুপার কুনার ভূষণ সিং নিজে মগরা থানায় গিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত চালাতে অভিষেকের চন্দননগরের বাসভবনে কয়েক দফায় অভিযান চালালেও তাঁর দেখা মেলেনি। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।


তবে গ্রেপ্তার হওয়ার আগে সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক পোড়েল। তিনি দাবি করেছিলেন, তিনি ভালো পারফর্ম করছেন বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিষয় সামনে আনা হচ্ছে। পুলিশের তদন্তে তিনি সহযোগিতা করবেন বলেও সে সময় জানিয়েছিলেন।


বর্তমানে মামলাটির আইনি বিচারপ্রক্রিয়া আদালতের মাধ্যমে এগোচ্ছে। তবে গ্রেপ্তারের পর অভিষেক কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



এমকে/বিএম২৪