বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুজনেরই মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
বন্ধুর চিকিৎসায় সহযোগিতা করতে ভারতে গিয়ে পরপর দুই বন্ধুর মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মারা যান একজন। বন্ধুর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ে পরদিন মারা যান অপরজনও।
নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে বিল্লাল মাঝি (৫০) এবং কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বন্ধু হাবিবুর রহমানের চিকিৎসায় সহযোগিতা করতে প্রায় ২৫ দিন আগে ভারতে যান বিল্লাল মাঝি। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে হাবিবুরের চিকিৎসা চলছিল। চিকিৎসা শেষে গত ৯ আগস্ট দুজনের দেশে ফেরার কথা ছিল।
ফেরার পথে হঠাৎ বিল্লাল মাঝির বুকে ব্যথা শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে হাবিবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েন। এর পরদিন তিনিও মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বর্তমানে দুই বন্ধুর মরদেহ কলকাতার একটি বিশেষায়িত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে। আমরা চাই, তাদের মরদেহ দ্রুত দেশে আনা হোক। দেশের মাটিতেই যেন দাফন করতে পারি, এ জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম জানান, মরদেহ দুটি দেশে আনার বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সরকারি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
দুই বন্ধুর পরপর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে এনে পারিবারিকভাবে দাফনের অপেক্ষায় রয়েছেন দুই পরিবারের সদস্যরা।









