ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন করলেন এমপি আরিফা সুলতানা রুমা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম
ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন করলেন এমপি আরিফা সুলতানা রুমা

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সোমবার (১৯ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও দুর্গাপূজার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


পরিদর্শনের অংশ হিসেবে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়।


এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


এমকে/বিএম২৪