চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন এবং সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
এ ছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সভায় অংশ নেন।
সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে উদযাপন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এমকে/বিএম২৪








