চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তাঁর মতে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় আপাতত অন্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত পরিকল্পনা করার সুযোগ নেই।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত, এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।’
চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।’
আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত
নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণে আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় কাজ করা হবে। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি। তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।
সেনা মোতায়েনের এখতিয়ার ইসির রয়েছে
নির্বাচনী আইন পরিবর্তন না করেও নির্বাচন কমিশনের সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।’
ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মাছউদ বলেন, বর্তমানে কমিশন ইউপি নির্বাচন নিয়ে কাজ করছে। এ নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে বলে জানান তিনি।
এমকে/বিএম২৪









