পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।


এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।


সোমবার দুপুরে পঞ্চগড়ে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এসআইসিআইপি প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও নূর মোহাম্মদ।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসআইসিআইপি প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।


বক্তারা বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে উত্তরাঞ্চলের প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এ উদ্যোগ সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


তাঁরা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উদ্যোগ গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এর ফলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪