গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে কাজ করলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে।


সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত স্বার্থ সংরক্ষণে সাংবাদিকদের পাশাপাশি তাঁদের সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।


গণমাধ্যমকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করাসহ পেশার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।


এ সময় ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের কার্যক্রম, পরিচিতি এবং সদস্যদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁর সহযোগিতাও কামনা করেন তাঁরা।


এ ছাড়া ডিআরইউ আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা।


রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন। এ সময় সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


ডিআরইউর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি সংগঠনটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪