টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্তে লাগবে ৩-৪ সপ্তাহ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্তে লাগবে ৩-৪ সপ্তাহ

সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহগুলো আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় স্বজনদের অপেক্ষা করতে হবে আরও তিন থেকে চার সপ্তাহ।


সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল এ তথ্য জানান।


তিনি বলেন, রোববার হাসপাতালের হিমঘরে রাখা ১০টি মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে সন্ধ্যায় নমুনাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মরদেহের নমুনার সঙ্গে নিহত ব্যক্তিদের বাবা-মা, ভাই-বোন কিংবা সন্তানের মতো নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, মরদেহ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পরই নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, দ্রুত পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


স্বজনদের অপেক্ষা, দ্রুত মরদেহ হস্তান্তরের আকুতি


টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ঢাকার বাসিন্দা রিয়াজ মাহমুদ রিপনের পরিবারের ছয়জন নিহত হয়েছেন। রিপন জানান, তাঁর পরিবারের চার সদস্য ইতোমধ্যে মালিবাগের সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা দিয়েছেন। দ্রুত পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।


অন্যদিকে, স্ত্রী নাসরিন আক্তার মুক্তার মরদেহ পাওয়ার অপেক্ষায় দুই দিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন তাঁর স্বামী ফয়সাল দেওয়ান।


তিনি বলেন, হাসপাতাল থেকে পরিচয় শনাক্তে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। তবে প্রশাসনের উচিত দ্রুত এ প্রক্রিয়া শেষ করা।


আবেগাপ্লুত ফয়সাল দেওয়ান বলেন, ‘আমি জানি, আমার স্ত্রী নাসরিন আক্তার মুক্তাকে আর ফিরে পাব না। কিন্তু আমি চাই না, আর কোনো স্বামীকে এভাবে তার স্ত্রী হারাতে হোক, আর কোনো পরিবারকে প্রিয়জনের মরদেহ খুঁজতে হাসপাতালে ছুটতে হোক।’


অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক


গত ১৭ অক্টোবর সকালে মেরিনড্রাইভ-সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ পর্যটক প্রাণ হারান। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সাত সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।


এমকে/বিএম২৪