জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার
সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান্দ আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত ভ্যানটিরও কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছে কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের পরনের পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনেরা লাশটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন।
তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমকে/বিএম২৪








