ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন কালীমাতা ও দুর্গামন্দির পরিদর্শন করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এবার ফরিদপুর উপজেলার ১৮টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের কুইক রেসপন্স টিম (কিউআরটি) স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে। পাশাপাশি ঝুঁকি শনাক্তকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।


জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। অন্যদিকে, উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে।


ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের এ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


এমকে/বিএম২৪