ফকিরহাটে ৩০০ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, দুই ভাই আটক

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:০১ এএম
ফকিরহাটে ৩০০ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, দুই ভাই আটক

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০০ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ জব্দ করা হয়েছে।


আটকরা হলেন ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের ইমরান ওরফে নয়ন মোল্লা ও তার ভাই কামরান ওরফে নিলয় মোল্লা।


ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কামটা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভাই বাধা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি পুলিশের। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।


পুলিশের তথ্যমতে, ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে থাকা একটি জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে পাওয়া যায় নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা। অপরদিকে, কামরান ওরফে নিলয়ের প্যান্টের পকেট থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ছাড়া তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ভাই ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টার বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।