পাবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষককে নিয়ে সহকর্মীদের আপত্তি, একসঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ
সংগৃহীত
মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহর বিরুদ্ধে অশিক্ষকসুলভ আচরণের অভিযোগ উঠেছে। তাঁর সঙ্গে বিভাগের একাডেমিকসহ কোনো কার্যক্রম পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন বিভাগের চার শিক্ষক।
অভিযোগকারী শিক্ষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম আব্দুল আলীম, সহযোগী অধ্যাপক ড. এম আশরাফুল ইসলাম এবং ড. মোহা. তানভীর হায়দার।
অভিযোগপত্রে শিক্ষকেরা উল্লেখ করেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহর অশিক্ষকসুলভ ও অসহকর্মীসুলভ আচরণ এবং বিভিন্ন কর্মকাণ্ডে তাঁরা বিব্রত। এ কারণে তাঁর সঙ্গে একাডেমিকসহ সব ধরনের কাজ করতে অপারগতা প্রকাশ করছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের এক শিক্ষক অভিযোগ করেন, অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগ ও বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তুলে লেখালেখি করেন। এ ছাড়া বিভাগের মডারেশন কমিটি, কোর্স-সংক্রান্ত সভা ও পরীক্ষার দায়িত্ব এড়িয়ে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন বলে অভিযোগ করেন ওই শিক্ষক। পাশাপাশি নানা অজুহাতে বিভাগের আনুষঙ্গিক কাজ থেকেও বিরত থাকেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, অভিযোগপত্রটি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। পেলে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবেন।
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, তিনি বর্তমানে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন না। আগে ক্লাস নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই নিয়েছেন। সময়মতো ক্লাস না নেওয়া কিংবা দায়িত্ব পালন না করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। তাঁর ক্লাসে উপস্থিতি, নিয়মিত পাঠদান ও দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই সবচেয়ে ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেন এই শিক্ষক।
এমকে/বিএম২৪









