পাবনায় প্রেমের ফাঁদে অপহরণ, ডিবির অভিযানে উদ্ধার ভুক্তভোগী
সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনায় প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) ফেলে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী নারী পলি খাতুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া চার হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে মো. কারিবুর মুঠোফোন মেরামতের জন্য পাবনা শহরে যান। পরে দুপুরে তিনি তাঁর ছেলেকে ফোন করে জানান, শহরের শাপলা প্লাস্টিক মোড়ে তাঁকে ডেকে নিয়ে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. কামরুল মন্ডল পাবনা সদর থানায় অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা থানার শ্রীপুর বাজার এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ধারাবাহিক অভিযান চালিয়ে এ ঘটনার মূল পরিকল্পনাকারী পলি খাতুনকেও গ্রেপ্তার করা হয়।
এমকে/বিডিমেইল২৪









