নাসিরনগরের উড়িয়াইন গ্রামে রাস্তা ও খাল দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
নাসিরনগরের উড়িয়াইন গ্রামে রাস্তা ও খাল দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

সংগৃহীত

জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. হুকুম আলী।


অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।


আবেদনে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।


ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।


এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মো. হুকুম আলী আবেদনে বলেন, ‘উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।’


তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।


এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪