জাজিরা কলেজে এইচএসসির ফল বিপর্যয়, ৯৫ জনে পাস ৩২, জিপিএ-৫ শূন্য

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
জাজিরা কলেজে এইচএসসির ফল বিপর্যয়, ৯৫ জনে পাস ৩২, জিপিএ-৫ শূন্য

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শরীয়তপুরের জাজিরা কলেজে ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। এ বছর কলেজটি থেকে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৩২ জন। অকৃতকার্য হয়েছেন ৬৩ জন। কলেজটির পাসের হার ৩৩ দশমিক ৬৮ শতাংশ। এ বছর কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেননি।


কলেজের বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫১ জন। এ বিভাগে পাসের হার ৩৪ দশমিক ৬২ শতাংশ।


বিজ্ঞান বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ জন এবং ফেল করেছেন ১০ জন। এ বিভাগে পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।


অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ জন শিক্ষার্থী। তবে এ বিভাগের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।


বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিজ্ঞান বিভাগেও পাসের হার এক-তৃতীয়াংশের কাছাকাছি। আর ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন।


কলেজটির এমন ফলাফলে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পাসের হার কম হওয়া এবং কোনো শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন করতে না পারার বিষয়টি আলোচনায় এসেছে।


এমকে/বিএম২৪