আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

সংগৃহীত

সাভার প্রতিনিধি


ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনের মুখে অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।


জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন।


দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং ছাঁটাই বন্ধ করা। বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাইয়েরও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকেরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। আন্দোলনের মুখে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


এমকে/বিএম২৪