আলিমের ফলাফলে জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার বাজিমাত, জিপিএ-৫ অর্জনে জেলায় শীর্ষে
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
আলিম পরীক্ষা–২০২৬-এর প্রকাশিত ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জাজিরা শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা। জেলার অন্যান্য মাদরাসাকে ছাড়িয়ে জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
মাদরাসা সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬ জন। জিপিএ-৫ (এ+) অর্জন করেছেন ৬ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৪ দশমিক ২৯ শতাংশ।
প্রকাশিত ফলাফলে এমন সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের নিয়মিত ও আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং অভিভাবকদের যথাযথ পরিচর্যা ও সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন।
মাদরাসার এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীমহল সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।
এমকে/বিএম২৪









