নারী সহকর্মীর বাসা থেকে যুবদল নেতা আটক, ভিডিও ছড়িয়ে তোলপাড়
সূত্রঃ ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাসা থেকে পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নানকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, এক নারীর বাড়ি ঘেরাও করার পর ভেতর থেকে বন্ধ থাকা একটি কক্ষের দরজা ভেঙে আব্দুল মান্নানকে বের করে আনা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।
খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। এর আগে ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম, আবু হামজাসহ স্থানীয় কয়েকজন জানান, আব্দুল মান্নান ও সংশ্লিষ্ট নারী কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন।
অন্যদিকে, ওই নারীর দাবি, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি তার বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন।
শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা মিললে আব্দুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্টদের সরিয়ে নেন।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এমকে/বিডিমেইল








