দেশজুড়ে বোমা হামলার শঙ্কা, পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০১:৩৯ এএম
দেশজুড়ে বোমা হামলার শঙ্কা, পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারির একটি বার্তা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তবে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করেছে।


শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে জেলার আওতাধীন রাত্রিকালীন চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতেও বলা হয়েছে।


বার্তাটিতে ‘অতীব জরুরি নির্দেশনা’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।


তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।


অন্যদিকে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা হোয়াটসঅ্যাপে ওই সতর্কবার্তাটি পেয়েছেন।


ফলে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো সতর্কবার্তা এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এটিকে ‘গুজব’ বলার বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।


এমকে