বিরিয়ানির বদলে শিক্ষার্থীদের হাতে একটি করে মুরগি

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
বিরিয়ানির বদলে শিক্ষার্থীদের হাতে একটি করে মুরগি

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



রাজধানীর মুহাম্মদ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে মুহাম্মদ ফাউন্ডেশন। একবেলার খাবার বিতরণের পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে মুরগি তুলে দিয়ে শিশুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও আনন্দ ভাগাভাগির সুযোগ করে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষার্থীদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণের পরিকল্পনা ছিল। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আয়োজকদের মতে, ছোট শিশুরা একটি পুরো বিরিয়ানির প্যাকেট শেষ করতে না পারায় খাবার অপচয়ের আশঙ্কা ছিল। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কথাও বিবেচনায় নেওয়া হয়।


এর পরিপ্রেক্ষিতে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে মুরগি তুলে দেওয়া হয়, যাতে পরিবারের সবাই একসঙ্গে মুরগির ঝোল দিয়ে ভাত খাওয়ার আনন্দ উপভোগ করতে পারে। এ উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও আনন্দের আবহ সৃষ্টি হয়।


মুহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারিহা তাসনিম স্বাক্ষর বলেন, মুহাম্মদ শিক্ষা নিকেতন তার কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং মুহাম্মদের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসার একটি স্থান। তাই তিনি শিশুদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকতে চান। তার বিশ্বাস, ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে।


তিনি আরও বলেন, এই আয়োজন কোনো বড় কর্মসূচি নয়; বরং শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার একটি ছোট প্রয়াস। মহান আল্লাহর কাছে তিনি এ উদ্যোগ কবুল হওয়ার এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার তাওফিক কামনা করেন।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত ও হাসিমাখা মুখ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। মুহাম্মদ ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



এমকে/বিএম২৪