প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় এবং একাধিক দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
আগামী রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের র্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানিয়েছে, এ সভায় তিন সাংগঠনিক ইউনিটের নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংশ্লিষ্ট উপজেলা ও পৌর ইউনিটের দায়িত্বশীল নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দলীয় নেতাদের ভাষ্য, সাধারণত এ ধরনের সভায় জেলা বা মহানগর পর্যায়ের সীমিতসংখ্যক নেতাই অংশ নেন। তবে এবার পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করায় তৃণমূলের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দলের চেয়ারম্যান সবসময় তৃণমূলের নেতৃত্বকে গুরুত্ব দেন। চট্টগ্রামের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ সংগঠনকে আরও গতিশীল করবে।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগ সফরের সময় দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও এ সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৬০০ নেতা অংশ নেবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এটি তারেক রহমানের প্রথম সাংগঠনিক সভা। এতে তৃণমূলের নেতারা সরাসরি তার দিকনির্দেশনা শোনার সুযোগ পাবেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, এ সভায় দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পাশাপাশি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেবেন। এ আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারী কলেজ মাঠে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি চট্টগ্রাম সফরে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দিলেও সে সময় কোনো সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়নি।
এমকে/বিএম২৪









