ছুটির মধ্যেই আশুলিয়ায় পোশাক কারখানার ৫৬৫ শ্রমিক ছাঁটাই

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০২:১৯ এএম
ছুটির মধ্যেই আশুলিয়ায় পোশাক কারখানার ৫৬৫ শ্রমিক ছাঁটাই

সূত্রঃ ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি


সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা থেকে ছুটির মধ্যেই ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ আগস্ট থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হবে বলে কারখানায় টাঙানো নোটিশে জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়।


নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ মন্দা, প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতার অভাব এবং কাঙ্ক্ষিত কার্যাদেশ কমে যাওয়ায় কারখানাটির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারখানার অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।


নোটিশে আরও বলা হয়, শ্রম আইনের ২০(২) ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া শ্রমিকদের যাবতীয় আইনগত পাওনা ও ক্ষতিপূরণ নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে। পাশাপাশি ২১ ধারা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে পুনরায় শ্রমিক নিয়োগ দেওয়া হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।


এদিকে কারখানার ছুটির দিনে খুদে বার্তার মাধ্যমে ছাঁটাইয়ের খবর পেয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শ্রমিকেরা। হঠাৎ করে ৫৬৫ শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো।


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, কিছুদিন আগেও আরেকটি কারখানা একইভাবে শ্রমিক ছাঁটাই করেছে। বর্তমানে অনেক কারখানাই নতুন করে শ্রমিক নিয়োগ দিচ্ছে না। এমন পরিস্থিতিতে এত শ্রমিক হঠাৎ কোথায় কাজ খুঁজবেন, সেটিই বড় প্রশ্ন।


বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দা কেবল একটি অজুহাত। ছুটির মধ্যে হঠাৎ এত শ্রমিক ছাঁটাই সম্পূর্ণ অমানবিক। তিনি অবিলম্বে ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান।


এ বিষয়ে বক্তব্য জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) সৈয়দ ফাইজুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রক্রিয়া চলে। তবে অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডে ছাঁটাইয়ের বিষয়ে তাঁর কাছে আপাতত নির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


এমকে