খালেদা জিয়াকে স্মরণ করে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই পোস্টে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দেন আসিফ আকবর। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবে নিহত শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে নতুন বাংলাদেশের যাত্রাকে স্মরণ করছেন তিনি। ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে প্রাণ দেওয়া প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং আহত ৩০ হাজার যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধাও জানান এই শিল্পী।
আসিফ আকবরের ভাষ্য, জুলাই বিপ্লব ছিল মুক্তিকামী মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত বিজয়, যার মাধ্যমে বাংলাদেশ রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে।
খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য আজও তাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ এবং ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি-মানুষই আমার ঠিকানা’—এই উক্তিগুলো নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও আপসহীনতার প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
স্ট্যাটাসে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও উল্লেখ করেন আসিফ আকবর। তিনি বলেন, তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশের মানুষের স্মৃতিতে তিনি চিরকাল অম্লান হয়ে থাকবেন।
পোস্টের শেষাংশে আসিফ আকবর লেখেন, দেশের তরুণ প্রজন্ম খালেদা জিয়ার আপসহীন আদর্শকে ধারণ করেছে এবং বাংলাদেশ আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। তিনি আরও বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের হৃদয়ে প্রতিবাদের অগ্নিশিখা হয়ে চিরকাল বেঁচে থাকবেন এবং তার কাছ থেকে শেখা দেশপ্রেম কখনো ভোলার নয়।
এমকে/বিএম২৪








