নাটোরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১১

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
নাটোরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১১

সূত্রঃ সংগৃহীত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ময়লাল (৫৫) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের মধ্যে সাইফুলের পক্ষের সাইদুল (৫৪), রমিজুল (৩৮), রফিক (৪৫), হাকিম (৩৮) ও বাবুলাল (৩৯) রয়েছেন। অপর পক্ষের ময়লাল (৫৫), সোহেল রানা (৩০), শরীফা (৪৫), সুলতান (৪০), জাহানারা (৪০) ও ডাবলু (৩৫) আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাইফুল ও ময়লালের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। শনিবার সকালে ময়লাল তাঁর দখলে থাকা সড়কসংলগ্ন একটি জায়গায় বেড়া দেওয়ার কাজ শুরু করেন।


খবর পেয়ে সাইফুল ঘটনাস্থলে গিয়ে বেড়া দিতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


এমকে/বিএম২৪