দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরির অভিযোগ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম
দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরির অভিযোগ

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামে এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরটি খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ নেই। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাশীর মেয়ে। তার বয়স হয়েছিল ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


শিশুটির মা শাহজাহান বেগম বলেন, পানিতে পড়ে মারা যাওয়ার পর মেয়েকে ওই কবরে দাফন করা হয়েছিল। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছেন। মাঝেমধ্যে কবরের কাছে গিয়ে দোয়া করেন। মেয়েকে হারানোর কষ্টের মধ্যেই এখন তার মরদেহ চুরির ঘটনা ঘটেছে। তিনি মেয়ের মরদেহ ফেরত চান।


স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের ২৫ দিনের মধ্যেই কবর থেকে শিশুটির মরদেহ উধাও হয়ে গেছে। তাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।


উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তিনি জানেন না। বর্তমানে তিনি ঢাকায় আছেন। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।


সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, তারা ঘটনাটি জানতে পেরেছেন। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪