কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ এএম
কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী গ্রামে জমি দখলের চেষ্টা, বসতঘর ভাঙচুর, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সানি মন্ডল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দিঘীবাড়ী মৌজার এসএ খতিয়ান নম্বর ৪১ ও আরএস খতিয়ান নম্বর ১৯-এর অন্তর্ভুক্ত এসএ দাগ নম্বর ১০৯/১১১ এবং আরএস দাগ নম্বর ১৬১/১৬২-তে মোট ৮ দশমিক ১৬ শতাংশ জমি ২০১১ সালের ১৫ জানুয়ারি ১১৫৪৭ নম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন মোয়াজ্জেম হোসেন।


মোয়াজ্জেম হোসেনের দাবি, জমি কেনার পর সরকারি খাজনা পরিশোধ ও নামজারিসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সেখানে বসতঘর নির্মাণ করেন। পাশাপাশি আকাশমণি গাছের বাগান গড়ে তুলে প্রায় ১৫ বছর ধরে পরিবার নিয়ে ওই জমি ভোগদখল করে বসবাস করছেন।


অভিযোগে মোয়াজ্জেম হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে সানি মন্ডল ও তাঁর লোকজন জমিটি দখলের চেষ্টা করেন। এ সময় বসতঘর ভাঙচুর, গাছ কেটে নেওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি জমিতে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করেও দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


অভিযোগের বিষয়ে সানি মন্ডল বলেন, ‘এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করেছেন। আমাদের গাছ আমরা বিক্রি করছি। আইনে পেলে তাঁরা নেবেন।’


মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গাছ কাটা ও ঘর ভাঙার খবর পেয়ে জমিতে গেলে সানি মন্ডল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার দিকে তেড়ে আসেন এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজনের বাধায় আমি প্রাণে রক্ষা পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’


এ বিষয়ে কালিয়াকৈর থানার এএসআই উজ্জ্বল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। দুই পক্ষের কাগজপত্র দেখে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’


এমকে/বিএম২৪