ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্য

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্য

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা হামলার পরিকল্পনা করছে ইরান—এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে অন্তত সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে ইরান এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবেই হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।


গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা আসন্ন হামলার ইঙ্গিত না-ও হতে পারে। বরং ইরান নিজেদের জন্য সম্ভাব্য হামলার বিকল্প তৈরি করার চেষ্টা করছে। তবে মার্কিন কর্মকর্তাদের হাতে পাওয়া তথ্য বেশ সুনির্দিষ্ট। এতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে।


এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।


মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে সংঘাত আরও বাড়িয়ে তোলার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে হামলার বিষয়ে তেহরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।


সূত্রগুলোর দাবি, সম্ভাব্য ইরানি হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে একাধিক বৈঠক করেছেন। ইরানের হুমকির কারণে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে সামরিক আবাসে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের এক মুখপাত্র বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অভিযোগও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।


ডার্টি বোমা কী এবং কতটা বিপজ্জনক?


ডার্টি বোমা পারমাণবিক বোমা থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে এ ধরনের বোমা তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এটি আশপাশের এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে।


বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় হতাহতের প্রধান কারণ হতে পারে বিস্ফোরণ নিজেই। তবে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থ মানুষের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে এবং আক্রান্ত এলাকাকে বসবাসের অনুপযোগী করে তুলতে পারে।


প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কিছু কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত থাকার কথা বলা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।


এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকিও পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সুরক্ষায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করতে বিদেশি নাগরিকদের যোগাযোগে নজরদারির সুযোগ দেওয়া মার্কিন আইনের মেয়াদ নিয়ে কংগ্রেসে বিরোধ রয়েছে। এ আইনের মেয়াদ বাড়ানোর জন্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কংগ্রেসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।


সূত্র: সিএনএন।


এমকে/বিএম২৪