তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলার অভিযোগ, সড়ক অবরোধ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
তেঁতুলিয়ায় মৃত ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলার অভিযোগ, সড়ক অবরোধ

সূত্রঃ বিডি মেইল

মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দের ঘটনায় মৃত ব্যক্তি ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি দল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ওই রাতেই ইউনিয়নের তহশিলদার মানিক চন্দ্র বর্মন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করে নিরপরাধ ও মৃত ব্যক্তিদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মৃত ও নিরপরাধ ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন।

পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়টি দেখার আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অভিযোগও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রেজার জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার পক্ষ থেকে মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই; বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাগজপত্র দেখে বিস্তারিত জানাতে পারবেন।


এমকে/বিএম২৪