কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২

সূত্রঃ সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিসহ দুইজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকার উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং নাও ভাংগা এলাকার সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।


বিজিবি সূত্র জানায়, আটকদের কাছ থেকে নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং তাদের কাছে থাকা ব্যক্তিগত ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা অর্থ, গাড়ি ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।


কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান শেষে আটক ব্যক্তিদের, জব্দ করা নগদ অর্থ ও অন্যান্য মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি আরও জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। দেশের স্বার্থ ও জননিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪