বকশীগঞ্জে বসতঘর থেকে কিশোরের রহস্যজনক মৃত্যু
সূত্রঃ ফাইল ছবি
রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সবুজ (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়া ও মোছাম্মৎ সুফিয়া বেগম দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিজ বসতঘরে হঠাৎ ছটফট করতে শুরু করে সবুজ। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, নিহত কিশোর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমকে/বিএম২৪









